ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে এসে নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মধ্যরাতে পাকিস্তান সরকারের এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, কলম্বোয় অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেবে পাকিস্তান দল। এর আগে লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম–এর উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পরই পাকিস্তানের অবস্থান পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে আলোচনা সফল হয়েছে। আইসিসির ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে সদস্য দেশগুলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতায় অংশগ্রহণসংক্রান্ত প্রতিশ্রুতি সম্মান করতে সম্মত হয়েছে।
এর পরদিন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ–এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশসহ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং আরও কয়েকটি দেশ বিশ্ব ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানকে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে।
নাকভি আরও জানান, বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘটনায় বাংলাদেশকে কোনো শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। পাশাপাশি ২০৩১ সালের বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর টেলিফোনে কথা হওয়ার কথাও সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম আগেই জানিয়েছিলেন, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আইসিসির সঙ্গে দর–কষাকষির সময় পিসিবির দেওয়া কয়েকটি শর্ত বাংলাদেশের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। বিশ্বকাপ বর্জনের কারণে বাংলাদেশ যেন কোনো শাস্তি বা ক্ষতির মুখে না পড়ে, সে বিষয়টি বৈঠকে বিশেষভাবে তুলে ধরেন পিসিবি চেয়ারম্যান।
দেশে ফিরে বিসিবি এক বিবৃতিতে জানায়, ক্রিকেটের সামগ্রিক স্বার্থ বিবেচনায় ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিলেন বিসিবি সভাপতি।
সবশেষ ঘোষণায় স্পষ্ট হয়েছে, আলোচনার ফল হিসেবে পাকিস্তান নির্ধারিত সূচিতেই ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে এবং একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সাজু/নিএ
সর্বশেষ খবর