ভক্তদের ভোটে ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ (B.O.A.T.)-এর প্রথম বিজয়ী হয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে পেছনে ফেলে ২০০৭-০৮ মৌসুমের পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। ভোটের পূর্ণাঙ্গ র্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন।
ইএসপিএনের ২৯ অক্টোবর ২০২৬ তারিখের প্রতিবেদন অনুযায়ী, ১ অক্টোবর শুরু হওয়া এই ভোট শেষ হয় ২৭ অক্টোবর। এতে ব্যালন ডি’অর একাধিকবার জেতা ১০ কিংবদন্তি ফুটবলারের বিভিন্ন মৌসুমকে বিবেচনায় নিয়ে ভক্তদের পছন্দ জানতে চাওয়া হয়।
কেন সেরা রোনালদোর ২০০৮ সালের মৌসুম?
২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন রোনালদো। ওই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা ছিল ৪২। তাঁর নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ—দুটি গুরুত্বপূর্ণ শিরোপাই জেতে ম্যানচেস্টার ইউনাইটেড।
এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রোনালদো জেতেন ২০০৮ সালের ব্যালন ডি’অর। এবার সর্বকালের সেরা মৌসুম নির্বাচনের ভোটেও সেই মৌসুমই শীর্ষস্থান পেয়েছে।
ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, এই স্বীকৃতির পর পর্তুগাল ফুটবল ফেডারেশন এবং রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ থেকে অভিনন্দন জানানো হয়।
প্রথম ১২টি স্থানেই রোনালদো-মেসির আধিপত্য
প্রকাশিত তালিকার প্রথম ১২টি স্থান দখল করেছে রোনালদো ও মেসির বিভিন্ন মৌসুম। শীর্ষে রোনালদোর ২০০৮ সালের মৌসুম। দ্বিতীয় স্থানে মেসির ২০১২ সালের পারফরম্যান্স। তৃতীয় স্থানে রয়েছে রোনালদোর ২০১৭ সালের মৌসুম এবং চতুর্থ স্থানে মেসির ২০২৩ সালের মৌসুম।
তালিকার প্রথম ১২টি অবস্থানে রোনালদোর ছয়টি এবং মেসির ছয়টি মৌসুম রয়েছে। অর্থাৎ ভোটে এই দুই তারকার বিভিন্ন সময়ের পারফরম্যান্সই ছিল সবচেয়ে বেশি আলোচিত।
ব্যালন ডি’অর অব অল টাইম কী?
ব্যালন ডি’অর অব অল টাইম কোনো নতুন আনুষ্ঠানিক পুরস্কার নয়। বরং ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের সেরা ব্যক্তিগত মৌসুম কোনটি, তা নিয়ে সমর্থকদের মতামত জানার একটি উদ্যোগ।
ইএসপিএনের প্রতিবেদনে ব্যালন ডি’অর কর্তৃপক্ষের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, নতুন কোনো আনুষ্ঠানিক পুরস্কার তৈরি করা এই উদ্যোগের উদ্দেশ্য নয়; বরং ভক্তদের নিজেদের পছন্দ প্রকাশের সুযোগ করে দেওয়াই এর লক্ষ্য।
এই স্বীকৃতির জন্য আলাদা কোনো ট্রফিও নেই। তবে ভক্তদের ভোটে সর্বকালের সেরা মৌসুমের স্বীকৃতি পাওয়া রোনালদোর ক্যারিয়ারে যোগ করেছে আরেকটি বিশেষ অর্জন।
ব্যালন ডি’অর অব অল টাইমের পূর্ণাঙ্গ র্যাঙ্কিং
ইএসপিএনের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ৩২টি অবস্থান হলো—
১. ক্রিশ্চিয়ানো রোনালদো — ২০০৮
২. লিওনেল মেসি — ২০১২
৩. ক্রিশ্চিয়ানো রোনালদো — ২০১৭
৪. লিওনেল মেসি — ২০২৩
৫. ক্রিশ্চিয়ানো রোনালদো — ২০১৬
৬. ক্রিশ্চিয়ানো রোনালদো — ২০১৪
৭. লিওনেল মেসি — ২০১৫
৮. ক্রিশ্চিয়ানো রোনালদো — ২০১৩
৯. লিওনেল মেসি — ২০১১
১০. লিওনেল মেসি — ২০০৯
১১. লিওনেল মেসি — ২০১৯
১২. লিওনেল মেসি — ২০২১
১৩. রোনালদো নাজারিও — ২০০২
১৪. লিওনেল মেসি — ২০১০
১৫. রোনালদো নাজারিও — ১৯৯৭
১৬. কেভিন কিগান — ১৯৭৯
১৭. ইয়োহান ক্রুইফ — ১৯৭৪
১৮. মিশেল প্লাতিনি — ১৯৮৪
১৯. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার — ১৯৭৬
২০. মার্কো ফন বাস্তেন — ১৯৮৮
২১. ইয়োহান ক্রুইফ — ১৯৭১
২২. ইয়োহান ক্রুইফ — ১৯৭৩
২৩. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার — ১৯৭২
২৪. মিশেল প্লাতিনি — ১৯৮৫
২৫. মার্কো ফন বাস্তেন — ১৯৮৯
২৬. আলফ্রেডো দি স্তেফানো — ১৯৫৭
২৭. কেভিন কিগান — ১৯৭৮
২৮. মার্কো ফন বাস্তেন — ১৯৯২
২৯. মিশেল প্লাতিনি — ১৯৮৩
৩০. কার্ল-হাইঞ্জ রুমেনিগে — ১৯৮১
৩১. আলফ্রেডো দি স্তেফানো — ১৯৫৯
৩২. কার্ল-হাইঞ্জ রুমেনিগে — ১৯৮০
সাজু/নিএ
সর্বশেষ খবর