বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বে ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আজ মঙ্গলবার মাঠে নামছে। এই পর্যবেক্ষক দলে রয়েছেন ইইউর ২৭টি সদস্য রাষ্ট্র ছাড়াও কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত প্রতিনিধিরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারবেশন মিশন বাংলাদেশ ২০২৬। বার্তায় বলা হয়, প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ করে পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে অংশ নিতে যাচ্ছে ইইউ পর্যবেক্ষক দল।
ইইউর পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সব স্বল্পমেয়াদি পর্যবেক্ষককে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে নির্বাচনের দিন ভোটগ্রহণের প্রক্রিয়া, ভোট গণনা এবং ফলাফলের তালিকা কীভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে হবে—সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে আজ দেশের বিভিন্ন অঞ্চলে সব পর্যবেক্ষককে মোতায়েন করা হবে। তারা ভোটগ্রহণ শুরুর আগের প্রস্তুতি, ভোটকেন্দ্রের পরিবেশ, ভোটগ্রহণ চলাকালীন কার্যক্রম এবং ভোট গণনার প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।
এদিকে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ ও মূল্যায়ন উপস্থাপন করবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর