ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের কার্যক্রম বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং সাপ্তাহিক ও ধর্মীয় ছুটি মিলিয়ে এই পাঁচ দিনের ছুটি নিশ্চিত হয়েছে। এর মধ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়ছে। পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে ধর্মীয় ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি কার্যকর হবে।
এটি চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এটি হবে চলতি বছরের পঞ্চম ছুটি।
অন্যদিকে, নির্বাচনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নির্বাচনের আগের দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই ছুটি একদিকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়া হয়েছে, অন্যদিকে শিক্ষার্থীদের জন্য বিশ্রাম ও পাঠ প্রস্তুতির সুযোগ তৈরি করবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর