২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ‘রাজাকারের সন্তান’ বলে আখ্যা দেওয়া অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার ঘটনায় সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি মন্তব্য করেছেন, ‘২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করেছে ৭১-এর রাজাকার।’
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খান লেখেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকারের সন্তান’ বলেছিলেন মেজর আখতারুজ্জামান। জুলাই গণ-অভ্যুত্থানের পর ‘ফেস দ্য পিপল’ আয়োজিত একটি টকশোতে তিনি নিজেও উপস্থিত ছিলেন। সেখানে মেজর আখতারুজ্জামান তাঁকেও ‘রাজাকারের বাচ্চা’ বলে আক্রমণ করেন বলে দাবি করেন রাশেদ খান।
তিনি আরও উল্লেখ করেন, ওই অনুষ্ঠানে সঞ্চালকের পক্ষ থেকে আন্দোলনকারীদের সবাইকে রাজাকারের সন্তান বলা হচ্ছে কি না, জানতে চাওয়া হলে মেজর আখতারুজ্জামান ‘হান্ড্রেড পার্সেন্ট’ বলে উত্তর দিয়েছিলেন।
রাশেদ খানের অভিযোগ, একসময় জামায়াতকে সন্ত্রাসী দল বললেও বর্তমানে মেজর আখতারুজ্জামান দলটির সঙ্গে যুক্ত হয়ে তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর ভাষ্য, ‘ধর্ম ব্যবসা শিখে গেলে এই সমাজে রাজনীতি করতে আর কী লাগে?’
জামায়াতে ইসলামীর উদ্দেশে প্রশ্ন তুলে তিনি লেখেন, শেখ হাসিনাও যদি ক্ষমা চেয়ে জামায়াতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেন, তবে তাঁকেও কি দলটিতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হবে?
উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের মামলায় জামিনে মুক্তির পর অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে সংবর্ধনা দেয় জামায়াতের নেতারা। দলটির আমির দাবি করেন, আখতারুজ্জামান কারও গায়ে হাত দেননি এবং তাঁর বিরুদ্ধে করা মামলা মিথ্যা।
এ ঘটনার প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, মেজর আখতারুজ্জামানকে নিয়ে জামায়াতের আয়োজন দেখে মানুষ মন্তব্য করছে, ‘২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে ৭১-এর রাজাকার।’

জামায়াতের আমিরের পাশে দাঁড়িয়ে মেজর আখতারুজ্জামানের দেওয়া বক্তব্য নিয়েও কটাক্ষ করেন রাশেদ খান। তাঁর দাবি, বক্তব্যে ইয়াহিয়া খান ও ১৯৭১ সালের প্রসঙ্গ আসায় জামায়াতের আমির বিব্রত হয়েছেন। পুরো পোস্টে রাশেদ খান জামায়াত ও মেজর আখতারুজ্জামানের রাজনৈতিক অবস্থান নিয়ে একাধিক সমালোচনামূলক মন্তব্য করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর