বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর- এর পটুয়াখালী-৩ আসনের দশমিনা উপজেলার অস্থায়ী নির্বাচনী অফিসে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই অফিসে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন ধরায়। এতে অফিসের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এই ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাইন পারভেজ বলেন, “গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা অস্থায়ী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে এবং নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর