ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটি শুরু হয়েছে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে। এ ছুটি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ ছাড়া নির্বাচন ও ধর্মীয় ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকবে। পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি শ্রীশ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মোট পাঁচ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য গত ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৫ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণ সহজ করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্বাহী আদেশে সরকারি ছুটি বহাল থাকবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটিও কার্যকর থাকবে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, ভোটের সময় শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটি পরবর্তীতে সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে সমন্বয় বা বদল করা যাবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর