রাজধানীর পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট ও একটি মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুন লাগার সময় দোকানগুলো বন্ধ থাকলেও ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল আগুনে নষ্ট হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার জানান, ভোরের দিকে মার্কেট চত্বরে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। তাৎক্ষণিকভাবে চারটি ইউনিট পাঠানো হয় এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এদিকে হঠাৎ এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন। তারা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর