আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামীকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে পাঁচ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষিদ্ধ যানবাহনের মধ্যে রয়েছে মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন (বৃহস্পতিবার) মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে নির্বাচনের দিন ভোটাররা ভোট দিতে ব্যক্তিগত গাড়ি (কার) ব্যবহার করতে পারবেন। সেদিন মেট্রোরেলও স্বাভাবিকভাবে চলাচল করবে।
ইসি আরও জানায়, মঙ্গলবার মধ্যরাত ১২টা থেকে ভোট গ্রহণের পরদিন শুক্রবার মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত মোটরসাইকেল চলাচলে কোনো বাধা থাকবে না।
নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন। এছাড়া জরুরি সেবায় নিয়োজিত যানবাহন- যেমন ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি পরিবহনকারী যানবাহন এবং সংবাদপত্র বহনকারী যানবাহন—চলাচল করতে পারবে।
আত্মীয়স্বজনকে বিমানবন্দরে নেওয়া বা সেখান থেকে যাত্রী নিয়ে নিজ বাসা বা আত্মীয়ের বাসায় ফেরার ক্ষেত্রে টিকিট বা উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে যানবাহন চলাচল করতে পারবে।
এছাড়া দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য ব্যবহৃত যেকোনো যানবাহনও চলাচলের অনুমতি পাবে বলে জানিয়েছে ইসি। গণপরিবহনের বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর