ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময় খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের ভোটকেন্দ্রে।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। তিনি বলেন, ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং কোনো সমস্যা দেখা যায়নি।
এছাড়া শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে নির্বাচন বাতিল করা হয়েছে। ফলে এ আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটারদের উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি দায়িত্ব। সিইসি আশা প্রকাশ করেছেন, ভোটাররা সচেতনভাবে দায়িত্ব পালন করবেন এবং রাজনৈতিক দল ও ভোটাররা শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সারা দেশে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য এবং ১ লাখেরও বেশি সেনা মোতায়েন রয়েছেন। তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানান, দলবদ্ধভাবে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন।
নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, দীর্ঘদিন ধরে ভোটের সুযোগ না পাওয়া মানুষ, বিশেষ করে তরুণ ভোটাররা সক্রিয়ভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর