মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে অসুস্থ হয়ে বাবু মিয়া (৬৫) নামের এক ভোটারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রের সামনে ভোটার স্লিপ (টোকেন) নেয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
জানা যায়, সকাল থেকেই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি ছিল। বেলা সাড়ে ১১টার দিকে মহাদেবপুর গ্রামের বাসিন্দা বাবু মিয়া ভোট দেয়ার উদ্দেশ্যে কেন্দ্রে আসেন। ভোটকেন্দ্রের সামনে থেকে স্লিপ সংগ্রহ করার সময় হঠাৎ তার মাথা ঘুরে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত অন্যান্য ভোটার ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফয়সাল আহমেদ বলেন, ভোটার স্লিপ নেয়ার সময় এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে জানতে পারি, তিনি মারা গেছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। চোখের সামনে মানুষটি পড়ে গেলেন। তিনি ভ্যান চালক ছিলেন। স্লিপ নেয়ার পরই মাথা ঘুরে পড়ে যান।
মৃতের ছেলে রাজু মিয়া বলেন, আমার বাবা সকালে ভোট দিতে গিয়েছিলেন। সেখানে স্ট্রোক করে তিনি মারা গেছেন। আমরা তাকে আর জীবিত অবস্থায় ফিরে পাইনি।
মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, আমার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা বাবু মিয়া ভোট দিতে গিয়ে স্লিপ নেয়ার পর স্ট্রোক করে মারা গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
মাসুম/সাএ
সর্বশেষ খবর