চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতেই ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। অধিকাংশ আসনেই বড় ব্যবধানে জয় এসেছে তাদের ঝুলিতে। অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। তবে ব্যতিক্রম ছিল চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন। সেখানে এলডিপির প্রার্থী ওমর ফারুকের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই করে মাত্র ১০২৬ ভোটের ব্যবধানে জয় পান বিএনপিতে নবাগত জসিম উদ্দিন আহমেদ।
সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট। অর্থাৎ ৯৮ হাজার ৭০৪ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীরও বড় ব্যবধানে জয় পেয়েছেন। তিনি ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে জামায়াত প্রার্থী নুরুল আমিনকে ৭৬ হাজারের বেশি ভোটে পরাজিত করেন।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির নুরুল আমিন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট। জামায়াতের অ্যাডভোকেট মোহাম্মদ ছাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোস্তফা কামাল পাশা পান ৭২ হাজার ৫৭৯ ভোট, জামায়াতের প্রার্থী পান ৩৬ হাজার ৮১৮ ভোট।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরী ১ লাখ ৪৩ হাজার ৬০৭ ভোট পেলেও তার ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। আপিল বিভাগের সিপিএলএ নং ৪৪১/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল কার্যকর হবে না বলে জানানো হয়েছে।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পান ১ লাখ ১৬ হাজার ৪৪০ ভোট। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পান ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে হুম্মাম কাদের চৌধুরী পান ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে মোহাম্মদ আবু সুফিয়ান পান ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে সাঈদ আল নোমান পান ১ লাখ ২১ হাজার ৩৬৪ ভোট, যেখানে জামায়াতের শামসুজ্জামান হেলালি পান ৭৪ হাজার ৪০৭ ভোট।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ১ লাখ ১৫ হাজার ৮১৫ ভোট পেয়ে জয়ী হন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এনামুল হক পান ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজাম পান ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট।
অন্যদিকে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির নাজমুল মোস্তফা আমিন পান ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনেও জামায়াত সমর্থিত প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম ৯৩ হাজার ১৬৭ ভোট পেয়ে ধানের শীষের প্রার্থীকে পরাজিত করেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নগর ও আশপাশের বেশিরভাগ আসনে বিএনপির প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেলেও দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল তুমুল। বিশেষ করে চন্দনাইশে ভোটের লড়াই ছিল জমজমাট। সব মিলিয়ে চট্টগ্রামে এবারের নির্বাচনে বিএনপির প্রার্থীরাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর