ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রæয়ারি) সকালে উপজেলার কোলা বাজারসংলগ্ন খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খালকুলা গ্রামে ধানের শীষ প্রতীকের সমর্থক মোশাররফ শেখের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইব্রাহিম শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম শেখ ও তার সহযোগীরা মোশাররফ শেখকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার খবর দ্রæত ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এলাকায় দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। সামান্য ঘটনাকে কেন্দ্র করে তা সহিংসতায় রূপ নেয়। তারা সকলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. আবু তালিব।
নির্বাচনের পর বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন উত্তেজনার খবর পাওয়া গেলেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সংঘর্ষের পুনরাবৃত্তির আশঙ্কা প্রকাশ করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর