ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষে আজ (শুক্রবার) ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হচ্ছে। মোট ভোটারদের মধ্যে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট প্রদান করেছেন।
নির্বাচন কমিশনের দাবি, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সামগ্রিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক গণনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে যে, এবারের নির্বাচনে মোট ভোটের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
তিনি আরও জানান, ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি স্বাভাবিক ছিল। কোথাও কোথাও বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর মিললেও বড় ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রস্তুত হওয়ায় সেগুলোর গেজেট আজই প্রকাশ করা হবে। বাকি দুটি আসনের বিষয়ে আইনগত বা কারিগরি প্রক্রিয়া চলমান রয়েছে কি না– সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের সাংবিধানিক স্বীকৃতির প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর