ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান ঘোষিত ফলাফলে জানান, চারজন প্রার্থীর মধ্যে মাজেদ বাবু (ধানের শীষ) পেয়েছেন ১,০৭,৫৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. আওরঙ্গজেব বেলাল (ছাতা) পেয়েছেন ৪৫,৭৯১ ভোট। ইসলামী আন্দোলনের (হাতপাখা) প্রার্থী শাহ নূরুল কবীর পেয়েছেন ৩২,৭৩৪ ভোট। অন্যদিকে, জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য ফখরুল ইমাম পেয়েছেন মাত্র ১,৭১৯ ভোট। ফলে তিনি শোচনীয় পরাজয়ের পাশাপাশি জামানতও হারিয়েছেন।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, জামানত রক্ষায় মোট প্রদত্ত ভোটের অন্তত ১২.৫ শতাংশের বেশি ভোট পেতে হয়। এই আসনে মোট প্রদত্ত ভোট ১,৯২,৬৩২টি। সে হিসেবে জামানত রক্ষায় প্রয়োজন ছিল প্রায় ২৪ হাজারের বেশি ভোট। কিন্তু সেই সীমা অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় ফখরুল ইমামের জামানত বাজেয়াপ্ত হয়ে সরকারি কোষাগারে জমা হবে।
উল্লেখ্য, ফখরুল ইমাম ১৯৮৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মতো অভিজ্ঞ রাজনীতিকের এমন ভরাডুবি স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ৩,৪৫,৭৪৬ জন ভোটারের মধ্যে ১,৭৭,০৯৭ জন পুরুষ, ১,৬৮,৬৪৩ জন নারী ও ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন। প্রদত্ত ভোটের হার ৫৫.৭১ শতাংশ। বাতিল ভোট ৪,৮১১টি।
১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে ৯২টি কেন্দ্রের ৬২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এ বিজয়কে ঈশ্বরগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও পরিবর্তনের পক্ষে গণরায়ের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর