ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম।
এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৪ জন। মোট ১০৬টি ভোট কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে ড. শেখ ফরিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২ হাজার ৬৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল ওয়াদুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৫৫০ ভোট। ১৯ হাজার ১১১ ভোটের ব্যবধানে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় ড. শেখ ফরিদুল ইসলাম ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচনের সময় যে অঙ্গীকার করা হয়েছে তা বাস্তবায়নে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন। তিনি বলেন, মাদক ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে এসব অপতৎপরতা নির্মূলে জনমত গড়ে তুলে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হবে।
এদিকে ফলাফল ঘোষণার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন মোংলা থানা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা।
এ সময় থানা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল ওয়াদুদ পরাজয় মেনে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন।
বাগেরহাট-৩ আসনে এবারের নির্বাচন ঘিরে শুরু থেকেই ছিল ব্যাপক আলোচনা ও উৎসাহ। ফলাফল প্রকাশের পর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর