গত ৮ ফেব্রুয়ারি দেবীগঞ্জের ঐতিহাসিক দেবদারু তলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আগমনে অসংখ্য নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। সেদিন সভায় রাজনৈতিক প্রতিশ্রুতির একটি স্পষ্ট মুহূর্ত তৈরি হয়।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে মহাসচিবের কাছে দাবি জানানো হয়, ধানের শীষকে বিজয়ী করা তাদের দায়িত্ব, আর বিএনপি সরকার গঠন করলে নির্বাচিত প্রার্থীকে মন্ত্রিসভায় দেখতে চান তারা। মহাসচিবও তার বক্তব্যে প্রতিশ্রুতি দেন, ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদকে বিজয়ী করলে মন্ত্রীত্ব নিয়ে কোনো সংশয় থাকবে না। সেদিনের জনসভা ছিল আস্থার প্রতিফলন।
নির্বাচনে পঞ্চগড়-২ আসনে বোদা-দেবীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটে ফরহাদ হোসেন আজাদকে জয়যুক্ত করেন। বিশেষ করে এই অঞ্চলের সনাতনী ভোটারদের অকুণ্ঠ সমর্থন ছিল এই নেতার প্রতি। সারাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে আজ সরকার গঠনের পথে বিএনপি। বোদা-দেবীগঞ্জের মানুষের মধ্যে এখন আলোচনা, ফখরুল স্যার কথা রাখবেন তো?
ফরহাদ হোসেন আজাদ এ অঞ্চলের দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতা। সংগঠনকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে তাঁর নিরলস পরিশ্রম, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক, সংকটকালে কর্মীদের পাশে থাকা এবং ভিন্নমতের মানুষকেও সঙ্গে নিয়ে চলার মানসিকতা তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে। শিক্ষিত, মার্জিত এই নেতা রাজনীতিকে দেখেন সেবার জায়গা থেকে। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর স্পষ্ট অবস্থান এবং সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাঁকে বোদা-দেবীগঞ্জে এক গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অন্যদিকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরাঞ্চলের মানুষ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং সজ্জন ব্যক্তি হিসেবেই চেনেন। সেদিন বোদা-দেবীগঞ্জের মানুষকে দেওয়া তাঁর প্রতিশ্রুতি ফরহাদ হোসেন আজাদকে ভূমিধস বিজয় এনে দিয়েছে। এখন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় তারা। তাঁদের প্রত্যাশা বিএনপি মহাসচিবের সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হোক। এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এই সাদা মনের মানুষ ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রিসভায় স্থান দিয়ে তাঁদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেওয়া হোক। তাহলেই রাজনীতির প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর