• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৯ রাত

তিন নেতাকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও কৃতজ্ঞতা

ফাইল ফটো

নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখায় মুহাম্মদ ইউনূস তিন শীর্ষ রাজনৈতিক নেতাকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি তারেক রহমান, শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম–এর সঙ্গে পৃথক টেলিফোন আলাপে এসব কথা বলেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এসব আলাপে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচনকে ঘিরে সারা দেশে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। তিনি মনে করেন, এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ড. ইউনূস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা নির্বাচনে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং ফলাফল শান্তিপূর্ণভাবে গ্রহণ করার জন্য তাকে ধন্যবাদ জানান। তিনি প্রত্যাশা করেন, তার নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে সংসদ ও জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং জনগণের প্রত্যাশা তুলে ধরার মাধ্যমে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় দলটি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে আলাপকালে ড. ইউনূস বলেন, একটি নবীন রাজনৈতিক দল হিসেবে এনসিপির সাহসী অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তিনি উল্লেখ করেন, স্বল্প সময়ের মধ্যে দলটি ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টিতে জয়লাভ এবং আরও কয়েকটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, এই অর্জন তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রতিফলন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]