বান্দরবানের আলীকদম উপজেলায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড পুরাতন কানামাঝি ঘাট এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রহিমা বেগম স্থানীয় বাসিন্দা আবু তালেবের স্ত্রী। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তবে সন্দেহ ভাজন হিসেবে দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
নিহতের ছেলে নুরুল আমিন বলেন, আমার মায়ের বয়স ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। এ বয়সে তাকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির ভেতরে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বরে কল দেন। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আলীকদম থানার ওসি আলমগীর হোসেন শাহ জানান, রাত ৯টায় ৯৯৯-এ কল আসে যে আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় এক বৃদ্ধার গলাকাটা লাশ পড়ে আছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে সন্দেহজনক দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর