টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত মোঃ রবিউল আওয়াল লাভলু বলেছেন, তিনি এমপি হিসেবে নয়, সর্বস্তরের জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান তিনি। গতকাল সকালে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু তাঁর নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় তিনি নাগরপুর-দেলদুয়ারের জনগণের উদ্দেশ্যে বলেন, যাঁরা তাঁকে ভোট দিয়েছেন এবং যাঁরা ভোট দেননি, তাঁদের সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দলটি ১৮ বছর ঐক্যবদ্ধ ছিল নাগরপুর-দেলদুয়ারে। তারই সার্থকতা ও সফলতা ১২ তারিখের নির্বাচন। এই নির্বাচনের কৃতিত্ব সাধারণ মানুষের, তৃণমূলের নেতৃবৃন্দ ও তাঁদের দলের নেতৃবৃন্দের।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কাজেই শিষ্টাচার ও সহনশীল আচরণের মাধ্যমে তাঁদের এগিয়ে যেতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, হোসেন আলী মনসুর, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর মাহবুব রাসেল প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর