পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জয়পুরহাটে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক আল মামুন মিয়া শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে আগামী ১২ মার্চ পর্যন্ত প্রতিদিন পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাক জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টিসিবির পণ্য বিক্রি করবে। নির্ধারিত প্যাকেজে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম খেজুর এবং ২ কেজি মসুর ডাল। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
কার্যক্রম শুরুর পর থেকেই জেলার বিভিন্ন স্থানে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। জয়পুরহাট শহরের হারাইল এলাকায় ট্রাক পৌঁছানোর পর রাত পর্যন্ত শত শত নারী-পুরুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে দেখা যায়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় সরবরাহকারীদের।
টিসিবির ডিলার গোলাম রব্বানী বলেন, “বাজারমূল্যের তুলনায় কম দামে পণ্য পাওয়ায় সাধারণ মানুষ টিসিবির ট্রাকের দিকে ছুটছেন। এতে ক্রেতাদের পাশাপাশি বিক্রয় ব্যবস্থাপনায়ও চাপ তৈরি হচ্ছে।” জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, “রমজান মাসে সাশ্রয়ী দামে পণ্য সরবরাহের জন্য আগামী ১২ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য সরবরাহ করা হবে। রমজান মাসে বাজার স্থিতিশীল রাখা সহ সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর