কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকায় ভেসে আসে মরদেহ দুটি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকার কাছাকাছি সৈকতে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো কাপড় ছিল না। তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। মরদেহ দুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ধারণা করা হচ্ছে, তারা রোহিঙ্গা হতে পারেন। সমুদ্রপথে অনুপ্রবেশের সময় ট্রলারডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
তিনি আরোও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর