নতুন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় সিরাজগঞ্জবাসী পেলেন একজন পূর্ণাঙ্গ মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ড. এম.এ মুহিত। একই জেলায় দুই মন্ত্রী পাওয়ায় সিরাজগঞ্জবাসীর আনন্দের সীমা নেই। মন্ত্রী ঘোষণার পর থেকেই জেলায় মিষ্টি বিতরণ শুরু হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে শহরের ১৫টি ওয়ার্ডে মিষ্টি বিতরণ করা হয়।
মিষ্টি বিতরণকালে তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে পূর্ণাঙ্গ মন্ত্রী এবং সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ড. এম.এ মুহিতকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই জেলায় দুই মন্ত্রী হওয়ায় আমরা গর্বিত, আনন্দিত ও উল্লসিত।
মন্ত্রীদের কাছে সিরাজগঞ্জবাসীর প্রত্যাশা হলো রাস্তাঘাটের উন্নয়ন, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, বেকারমুক্ত সিরাজগঞ্জ গড়া, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, সিরাজগঞ্জকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলাসহ চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সিরাজগঞ্জ নির্মাণ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর