ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে এমপি হিসেবে শপথ গ্রহণের পর নাটোর-৪ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন। বুধবার দুপুরের দিকে ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় শত শত নেতাকর্মী তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। সেখানে ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রায় যোগ দেন তিনি। শোভাযাত্রাটি কাছিকাটা থেকে চাঁচকৈড় ও গুরুদাসপুর শহর হয়ে তাঁর নিজগ্রাম ধারাবারিষার প্রধান সড়ক প্রদক্ষিণের সময় উচ্ছ্বসিত হাজারো নেতাকর্মী এবং সাধারণ জনগণের মাঝে হাত উঁচিয়ে অভিবাদন জানান।
এরপর ধারাবারিষা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, কে ভোট দিয়েছেন আর কারা দেননি সেটা এখন বিবেচ্য নয়। তিনি এখন সবার, সবাই এখন তাঁর। সকল দলের, মতের, ধর্মের মানুষদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি। এসময় জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু, গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকার, সদস্য সচিব সুফি আবু সাইদ, উপজেলা বিএনপির সদস্য আবু হেনা, মোহাম্মদ আলীসহ গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর