প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। তিনি বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের সকল নীতি ও পদক্ষেপ ন্যায়পরায়ণ ও স্বচ্ছভাবে গ্রহণ করা হবে। ব্যবসায় ও ক্রেতা উভয়ের স্বার্থ রক্ষার জন্য বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি রমজান মাসকে মুনাফার মাস না করে আত্মশুদ্ধির মাস হিসেবে উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি, সরকারের পক্ষ থেকে জনগণকে সেবা প্রদানে সর্বোচ্চ সতর্কতা এবং কৃচ্ছ্রসাধনের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নির্বাচনের আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপির সংসদীয় দলের এমপিরা সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা গ্রহণ করবেন না। এটি ন্যায়পরায়ণতার আদর্শেরই প্রতিফলন।
দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার-অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র, মাঝারি কিংবা বড়—সব ব্যবসায়ীর প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ ও স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়।
সুতরাং, সরকারের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে, সে ব্যাপারে আপনাদের যেকোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি।’
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর