• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৩ দুপুর

চট্টগ্রাম বন্দর নিয়ে নতুন সরকারের পরিকল্পনা জানালেন অর্থমন্ত্রী

ফাইল ফটো

বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বড় ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে। চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে বন্দরে বিনিয়োগ বৃদ্ধি অপরিহার্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপ দিতে হলে বিনিয়োগ বাড়াতে হবে এবং বন্দরের কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করতে হবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

মন্ত্রী আরও বলেন, এখন সময় এসেছে বাণিজ্যিক রাজধানী গড়ার কাজ বাস্তবে শুরু করার। বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে, সেদিকে গুরুত্ব দিতে হবে। পোর্টের কার্যক্রম উন্নত করা এবং বিনিয়োগ বৃদ্ধি—এই দুই পথেই চট্টগ্রামকে শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে সরকারের বিস্তৃত পরিকল্পনা রয়েছে, তবে সবকিছু এক কথায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি কর্মসংস্থানকে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম নিজ জেলা চট্টগ্রাম সফরে এসেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সফরসূচি অনুযায়ী, তিনি সকাল সাড়ে ১১টায় নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন। পরে কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন।

এরপর বেলা আড়াইটা থেকে ৩টা পর্যন্ত নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন নবনিযুক্ত অর্থমন্ত্রী। এরপর একই স্থানে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বন্দরসেবাদানকারী প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। পরে রাত ৮টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি।

অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম চট্টগ্রাম সফরের অনুভূতি জানতে চাইলে আমীর খসরু বলেন, ভালো লাগছে। আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। একটি নির্বাচিত সংসদ ও সরকার হয়েছে। বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চট্টগ্রামের উন্নয়নেও সমন্বিত উদ্যোগ নিতে হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]