মাহে রমজানের প্রথম দিনে মরহুমা বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনা এবং ক্যাম্পাসের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যদের নিয়ে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরাম।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।
যবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরামের আহ্বায়ক সালেক খান বলেন, মাহে রমজান উপলক্ষে যবিপ্রবির জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরামের উদ্যোগে ১০ দিনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আনসার মামাদের সঙ্গে ইফতারের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সালেক খান আরও বলেন, জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরামের লক্ষ্য ও অঙ্গীকার হলো সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা। আমরা শিক্ষার্থীদের মধ্যে ভয়ের সংস্কৃতি দূর করে তাদের আস্থা অর্জনের মাধ্যমে একটি নিরাপদ ও সুন্দর ক্যাম্পাস উপহার দিতে চাই।শিক্ষার্থীদের মন থেকে ভয়ের অভিজ্ঞতা দুর করে একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস উপহার দিতে আমরা বদ্ধপরিকর। ক্যাম্পাসে ভিন্নমতাবলম্বী ছাত্র সংগঠনের সহাবস্থান এবং স্বাধীন মতপ্রকাশের অধিকারের প্রতি সম্মান রেখে, শিক্ষার্থীদের জুলাই পরবর্তী আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।
কুশল/সাএ
সর্বশেষ খবর