অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় জমেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরের আলো ফোটার আগেই হাজার হাজার মানুষ খালি পায়ে, বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে আজিমপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হন। হাতে রক্তলাল পলাশ ও ডালিম ফুলের স্তবক নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের করুণ সুরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শুরু করেন সর্বস্তরের সাধারণ মানুষ।
দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রাত ১২টা ১ মিনিটে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ১২টা ৮ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সূচনা করেন। এ সময় মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন।
এরপর বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে, কোলের শিশু বা হুইলচেয়ারে আসা বৃদ্ধসহ সবাই শহীদ বেদির দিকে ছুটে যান।
সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় জোটের নেতারা, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একে একে তিন বাহিনীর প্রধান, বিচারপতিগণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, এবি পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরব উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের কর্মীদের গগনবিদারী স্লোগানে শহীদ মিনার প্রাঙ্গণ এক অনন্য উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে।
বেলা বাড়ার সাথে সাথে ভিড় কেবল বেড়েছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের পদচারণায় শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
বিশেষ করে ‘জুলাই ঐক্য’ ও ‘জুলাই মঞ্চের’ ব্যানারে তরুণ প্রজন্মের ব্যাপক অংশগ্রহণ ছিল এবারের একুশের অন্যতম বিশেষ দিক। বন্ধুসভার সদস্যরাও সারিবদ্ধভাবে ফুল নিয়ে শ্রদ্ধা জানান। আবালবৃদ্ধবনিতা সবার মুখে ছিল একুশের চেতনা আর চোখে ছিল শহীদদের জন্য গভীর মমতা। বর্ণমালা খচিত পোশাক আর হাতে জাতীয় পতাকা নিয়ে শিশুরা তাদের মা-বাবার হাত ধরে ধীরলয়ে এগিয়ে যাচ্ছিল শহীদ মিনারের দিকে।
কুশল/সাএ
সর্বশেষ খবর