কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্দিরগঞ্জ থানা-র বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।
জানা গেছে, এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের স্টুডিওতে একদিন আটকে রাখার অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন পিবিআইয়ের এসআই নুরুজ্জামান। ওই দিনই আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরবর্তীতে আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয় ডেমরা থানা পুলিশকে।
ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ জানান, আদালতের জারি করা পরোয়ানা তামিল করে প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর