ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও চলমান পরিস্থিতি পর্যালোচনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি/২৬) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।
সিনিয়র সহকারী সচিব মো. মোরশেদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগের চার জেলার জেলা প্রশাসকের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নগরীর ৩৩টি ওয়ার্ডে মশা নিধনে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। যানজট ও অবৈধ পার্কিং সমস্যা নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে। মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় চুক্তি সম্পন্ন করা হয়েছে এবং অবৈধ অটোরিকশা উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হয়েছে।
সময়মতো নবায়ন না করায় ২৬টি অটোরিকশার নিবন্ধন বাতিল করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর-এর প্রতিনিধি জানান, শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ না থাকলেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস প্রতিরোধে এক মাসের ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বিভাগের প্রায় ৯৪ শতাংশ জমিতে বোরো ধানের চাষ সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত সার ও কীটনাশক মজুদ রয়েছে। কৃষকদের জৈব সার ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।
এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভোটকেন্দ্রে যাতায়াতের সুবিধার্থে রাস্তা সংস্কার করছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আর্সেনিক নিরসনে কার্যক্রম জোরদার করেছে। সড়ক ও জনপথ অধিদপ্তর আসন্ন রমজান উপলক্ষে ১৫ রমজানের মধ্যে সড়ক চলাচল উপযোগী ও যানজটমুক্ত রাখার উদ্যোগ নিয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিচ্ছে। বিদ্যুৎ বিভাগ বকেয়া বিল আদায় ও প্রিপেইড মিটার স্থাপনে গুরুত্ব দিচ্ছে। মৎস্য অধিদপ্তর ভেজাল মৎস্য খাদ্য প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা ও একুয়ামেডিসিন সরবরাহ কার্যক্রম অব্যাহত রেখেছে। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কার্যকর মনিটরিং জোরদার করতে হবে।
তিনি যাকাতের একটি নির্দিষ্ট অংশ সরকারি যাকাত ফান্ডে জমা দেওয়ার আহ্বান জানান এবং সময়োপযোগী প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিত'ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে ময়মনসিংহকে একটি নাগরিকবান্ধব ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সভাপতি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর