ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মশক নিধন, বনায়ন এবং পরিচ্ছন্ন সিটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নবনিযুক্ত ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে এই নির্দেশনা দেওয়া হয়।
আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, ১৭ বছর পর ফ্যাসিবাদমুক্ত হয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার কার্যক্রম অকার্যকর ছিল এবং সবকিছু রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত ছিল। নির্বাচনের সুযোগ ছিল না, তাই জনগণের সেবা বাধাপ্রাপ্ত হয়েছে।
তিনি আরও বলেন, "আগের সময়ে সরকার একটি দলকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে, কিন্তু জনগণের অধিকার ও সেবা নিশ্চিত হয়নি। নতুন সরকার আসার পর আমরা সিটি কর্পোরেশনগুলোতে দায়িত্ব নিয়ে জনগণের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করব। যেখানে সমাধান করা সম্ভব না হবে, সেগুলো আমরা সরকারের কাছে তুলে ধরি এবং সহযোগিতার মাধ্যমে সমাধান করি।"
ডিএসসিসির নতুন প্রশাসক বলেন, আজকে আমাদের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মন্ত্রীর কাছ থেকে আজকে আমরা দায়িত্ব বুঝে নিয়েছি। বুঝে নেওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে আমাদের কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী আমাদেরকে বলে কিছু নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো জানিয়ে তিনি বলেন, জনগণের যেসব অধিকার বঞ্চিত আছে, সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া, মশা নিধন করা, ক্লিনিং সিটি সমস্যা এবং নাগরিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন। আমাদেরকে বলেছেন, যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর