প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে শিক্ষার্থীদের অভিভাবক ও ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য হালনাগাদ করার জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আগামী ৮ মার্চের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে এবং বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ট্রাস্টের চিঠিতে জানানো হয়েছে, HSP-MIS সফটওয়্যারে সক্রিয় সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষার্থীর বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও ‘অন্যান্য ব্যক্তিকে অভিভাবক’ হিসেবে নির্বাচন করা হয়েছে এবং সেই ব্যক্তির নামে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি করা হয়েছে, তাদের তথ্য সংশোধন করা প্রয়োজন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসব শিক্ষার্থীর জন্য বাবা-মাকে অভিভাবক হিসেবে নির্বাচন করতে হবে এবং বাবা-মা বা শিক্ষার্থীর নিজের নামে ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করতে হবে। এছাড়া যেসব শিক্ষার্থীর বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও তাদের NID নম্বর HSP-MIS-এ এন্ট্রি করা হয়নি, সেক্ষেত্রেও শিক্ষার্থীর নিজের নামে ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করতে হবে।
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, অন্য কারো নামে হিসাব নম্বর এন্ট্রি করে অর্থ প্রাপ্তির কারণে যদি সরকারের কোনো আর্থিক ক্ষতি হয়, তবে তার দায়ভার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বিষয়টি অবহিত করবেন এবং কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে, আগামী ৮ মার্চের মধ্যে HSP-MIS সফটওয়্যারে তথ্য সংশোধন বা হালনাগাদ করা নিশ্চিত করতে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
শিক্ষা এর সর্বশেষ খবর