২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরদিন থেকেই উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। রোববার (১ নভেম্বর) থেকে শুরু হয়ে এ আবেদন চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রীর ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
আন্তশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নির্ধারিত নিয়মে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ-সংক্রান্ত আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে পরীক্ষার্থীরা অনলাইনে eduboardresults.gov.bd (https://eduboardresults.gov.bd) ও educationboardresults.gov.bd (https://educationboardresults.gov.bd) ওয়েবসাইটের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। যেমন: HSC DHA 123456 2026।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর