কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজারে সড়কের ওপর প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও টাকা আদায়ের ভুয়া রশিদ বই উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সবচেয়ে বড় নিমসার কাঁচাবাজারে দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহন ও ব্যবসায়ীদের কাছ থেকে টোলের নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে ডিবি পুলিশ ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানের সময় মহাসড়কের ওপর কাঁচামালবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের সময় ৯ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া রশিদ বই পর্যালোচনায় দেখা যায়, প্রতিটি ট্রাক থেকে প্রায় ১ হাজার ৭০০ টাকা, লেগুনা থেকে ১ হাজার ৫০০ টাকা, ছোট গাড়ি থেকে ১ হাজার টাকা এবং অটোরিকশা ও অন্যান্য মালবাহী যানবাহন থেকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এসব চাঁদা আদায়ের কোনো বৈধ অনুমোদন ছিল না বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাজারে টোলের নামে প্রকাশ্যে চাঁদাবাজি চলে আসছে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজার ব্যবস্থাপনায় অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, কুমিল্লায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।
কুমিল্লা কোতোয়ালি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, নিমসার কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগ পেয়ে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর