গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পাঁচপাড়া কান্দার গ্রামে রাস্তার পাশের ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। একটি নির্মাণাধীন ব্রিজের কাজে ব্যবহার করার জন্য ঠিকাদার ওই জমি থেকে বালু সংগ্রহ করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, গ্রামে একটি ব্রিজের নির্মাণকাজ চলছে। প্রকল্প অনুযায়ী নির্ধারিত স্থান থেকে মাটি সংগ্রহের কথা থাকলেও ঠিকাদার সুবিধাজনকভাবে রাস্তার পাশের আবাদি জমি থেকে বালু উত্তোলন করছেন। এতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং আশপাশের জমি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। স্থানীয় কৃষকরা জমির ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জানা যায়, বালু উত্তোলনকৃত জমির মালিক স্থানীয় মো. আসাদ মিয়া।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার জমি থেকে আমি টাকার বিনিময়ে বালু বিক্রি করছি।” তবে স্থানীয়দের অভিযোগ, আর্থিক লাভের আশায় ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যা কৃষিজমি ও পরিবেশের জন্য ক্ষতিকর। নির্মাণাধীন ব্রিজের ঠিকাদার সাইফুল ইসলাম বলেন, “লোকাল মাটি দেওয়ার নিয়ম। আমি জমির মালিকের কাছ থেকে বালু-মাটি কিনে নিচ্ছি।”এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সুবুর মিয়া জানান, “আমি বালু উত্তোলন না করার জন্য বলেছিলাম। কিন্তু তারা কথা শোনেনি। এতে আশপাশের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জায়েদুর রহমান বলেন, “বিষয়টি আমার জানা নেই, তাই এ মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না।”এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বলেন, “বিষয়টি জানার পর সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশনা দেওয়া হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে আবাদি জমির আরও ক্ষতি হতে পারে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর