ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে প্রশাসনিক কার্যক্রমকে আধুনিক ও জনবান্ধব করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে তথ্য ও যোগাযোগভিত্তিক সেবার সম্প্রসারণ জরুরি। এ লক্ষ্য অর্জনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি আন্তঃদপ্তর সমন্বয় জোরদার করে দ্রুত সমস্যা সমাধান ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন তিনি।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমা জান্নাত জানান, উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তর সম্মিলিতভাবে কাজ করছে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে নান্দাইল উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে। সেবাগ্রহীতাদের সঙ্গে সদাচরণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে প্রশাসনের প্রতি জনআস্থা আরও বৃদ্ধির আহ্বান জানান তিনি। মতবিনিময় পর্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী মনোযোগসহকারে তা শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং উন্নয়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচিতি পর্ব সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সভার মাধ্যমে নান্দাইল উপজেলার প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর