মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর বাসায় নির্বাচনের পূর্বে হামলার অভিযোগে জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান চুনু বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জুড়ী থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি মিনহাজ উদ্দিন।
মামলায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, তার ভাই আতিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, সেক্রেটারি মো. আজিম উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন, এনসিপির মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক ও জুলাই যোদ্ধা আফজাল হোসাইন, যুবশক্তির জেলা যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেল এবং ছাত্র শিবিরের জেলা কলেজ সম্পাদক ও জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার বাদী মো. তারেক মিয়াকে আসামি করা হয়েছে।
মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর মধ্যে জুড়ী ও বড়লেখা উপজেলার জামায়াত, শিবির ও এনসিপির নেতা-কর্মীদের পাশাপাশি দৈনিক সংবাদ সারাবেলার জুড়ী প্রতিনিধি সাংবাদিক খোরশেদ আলমকেও আসামির তালিকায় রাখা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে নাম উল্লেখ করা ও অজ্ঞাত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ বাদী ও তার দলের নেতা-কর্মীদের মারধরের উদ্দেশ্যে মৌলভীবাজার-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর জুড়ী শহরের কলেজ রোডস্থ বাসা ও প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে জড়ো হয়ে হামলা চালায়।
এতে প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, মামলার বাদী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, নাজমুল ইসলাম, আজমল হোসেন পলাশ, সানসুদ্দোহাসহ কয়েকজন আহত হন এবং প্রার্থীর ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজিবির টহল দলসহ ঘটনাস্থলে গেলে আসামিরা চলে যায়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর