ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, নান্দাইল-সহ সমগ্র ময়মনসিংহ জেলাকে মাদক ও চাঁদাবাজিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কেউ তাঁর বা দলের নাম ভাঙিয়ে অনৈতিক তদবির বা অপকর্মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সবার জন্য দরজা খোলা। সাধারণ মানুষ ন্যায্য প্রয়োজনে আসবে, এটিই স্বাভাবিক। তবে অসাধু চক্র প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে। “কে আলেম, কে জালেম—তা সবসময় বুঝে ওঠা সহজ নয়। তাই কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যেন কেউ প্রতারণা করতে না পারে,”—যোগ করেন তিনি। কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, প্রকৃত উপকারভোগীরা যেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পান, তা নিশ্চিত করতে হবে। নগরীর যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পাশাপাশি সার্কিট হাউজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও পরিকল্পনার কথা উল্লেখ করেন। সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ। এতে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর