কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামে হাজী আব্দুল আজিজ ফাউন্ডেশন প্রকল্পের উদ্যোগে তিন শতাধিক অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার বাকশীমূল চানবানু বিবি হাজী আব্দুল আজিজ ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন প্রাঙ্গণে মাহে রমজান উপলক্ষে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও অসহায় পরিবারের মাঝে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
ইফতার সামগ্রীর প্যাকেজে খেজুর, ছোলা, চিনি, ডাল, মুড়ি ও তেলসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য প্রদান করা হয়। এসব সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম তত্ত্বাবধানে ছিলেন হাফেজিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল কুদ্দুছ, মুহতামিম হাফেজ মো. হারুন অর রশিদ এবং বাকশীমূল উত্তরপাড়া যুব কল্যাণ পরিষদের সদস্যরা।
হাজী আব্দুল আজিজ ফাউন্ডেশন প্রকল্পের চেয়ারম্যান ও চানবানু বিবি হাজী আব্দুল আজিজ ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা এবং মসজিদ আল-ফালাহ’র প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী এডভোকেট ফজলুল হক বলেন, সমাজের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির অনেক মানুষ রমজান মাসে প্রয়োজনীয় বাজার করতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই ব্যক্তিগত উদ্যোগ ও ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর