গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামসুন্নাহার রুমা (৪৩) স্থানীয় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের চক গোবিন্দ এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় একাই বসবাস করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পর্যন্ত তার ঘর থেকে কোনো সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে পাশের বাসার এক নারী ঘরে ঢুকে দেখেন—রুমা মেঝেতে নিথর পড়ে আছেন। তার হাত, পা ও মুখ বাঁধা ছিল। ঘরের আসবাবপত্রও এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিল।
প্রতিবেশীরা আরও জানান, প্রায় এক মাস আগে একই বাসায় চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সঙ্গেও এ ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মোবাইল ফোনে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, 'ঘরের ভেতরের জিনিসপত্র তছনছ অবস্থায় পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড নাকি পরিকল্পিত ডাকাতি—বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।'
কুশল/সাএ
সর্বশেষ খবর