সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।
রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাটি ডিআইএ’র ওয়েবসাইট (www.dia.gov.bd)-এর নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনগুলোতে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে জাল বা ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আয়করসংক্রান্ত আর্থিক অনিয়ম।
অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ডি-নথির মাধ্যমে এবং প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ই-মেইলে পাঠানো হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস, পরিচালনা কমিটি বা গভর্নিং বডির সভাপতি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছেও (ব্যানবেইস জরিপে প্রদত্ত প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইলে) প্রতিবেদন পাঠানো হয়েছে।
যদি কোনো প্রতিষ্ঠান ই-মেইলে প্রতিবেদন না পেয়ে থাকে, তাহলে নিজ নিজ জেলা শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করা যাবে। জেলা শিক্ষা অফিস থেকেও সংগ্রহ সম্ভব না হলে, প্রতিষ্ঠানের লেটারহেডে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক বরাবর আবেদন করে সেই আবেদনের কপি director@dia.gov.bd ই-মেইলে পাঠাতে হবে।
আবেদন পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে পুনরায় প্রতিবেদন পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে ০২৪১০৫৩৩৪৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর