• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৬:৪৩ বিকাল

কুমিল্লার ঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: এমপি মনিরুল হক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, ইতিহাস-ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে। এই শহরকে বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ। সিটি করপোরেশন, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে শহরের যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং অপরিকল্পিত নগরায়ণ রোধ সম্ভব। রোববার সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি নির্বাচনের আগে জনগণের কাছে উন্নয়নের ওয়াদা করেছি। যেখানে গেছি সেখানেই দেখেছি রাস্তাঘাট ভাঙা। রাস্তার উন্নয়নের ওয়াদা না করেও উপায় ছিল না। এখন আমার সময় কাজের মাধ্যমে ওয়াদা রক্ষা করা। আল্লাহ সহায় আর আপনাদের সার্বিক সহযোগিতা দরকার।

সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সীমানা বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে আছে। ঈদের পরপরই স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবো। সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির যে প্রস্তাব আছে, সেটা বাস্তবায়ন হয়ে গেলে ওয়ার্ড পুনর্গঠন, সদর ও সদর দক্ষিণ উপজেলা পুনর্গঠন করতে হবে। সেক্ষেত্রে একই কমিশন কাজ করবে। ময়নামতি, মোকাম, ভারেল্লা—এই তিনটি ইউনিয়ন আগে কোতোয়ালীর অংশ ছিল। এটা বুড়িচং কেন গেলো? প্রস্তাব আছে উপজেলা করার, আলাদা উপজেলা হবে, নতুবা আদর্শ সদরের সঙ্গে একীভূত করা যেতে পারে।

তিনি বলেন, শহরকে বাঁচাতে ওয়াসা গঠন জরুরি। কুমিল্লাকে বাঁচাতে দরকার হলে কারফিউ দিয়ে হলেও ওয়াসা গঠন করতে হবে। ওয়াসা কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে। এ নিয়ে সিটি করপোরেশনকে অফিশিয়াল প্রস্তাব দেওয়ার জন্য বলেন তিনি।

পদুয়ার বাজার হয়ে দক্ষিণের মানুষ শহরে প্রবেশ করতে পারছে না। যে কোনো কারণে হোক এটা বন্ধ করে দেওয়া হয়েছে। একটা চলাচলের রাস্তাকে ডিভাইডার দিয়ে বন্ধ করে দেওয়ার নজির আর দ্বিতীয়টি আছে বলে মনে হয় না। দক্ষিণের মানুষ শহরে ঢুকতে বেগ পোহাতে হয়। অনতিবিলম্বে এই সমস্যার সমাধান দরকার। ইউলুপ স্থাপন করে নিচের ব্যারিকেড খুলে দেওয়ার দাবি জানান তিনি।

গোমতীর মাটি কাটার বিষয়ে মনিরুল হক চৌধুরী বলেন, মাটি কাটার বিষয়ে কোনো ছাড় নয়। এটা গোমতী হোক আর সোনার খনি হোক। এক ইঞ্চি মাটিও কেউ কাটবে না। হাজী ইয়াসিন জিরো টলারেন্সের কথা বলেছেন, আমি তাঁকে সমর্থন জানিয়ে বলছি, এক ইঞ্চি মাটিও কেউ কাটবে না। ওসি সাহেবকে বলছি, কেউ যদি মাটি কাটার জন্য সুপারিশ করতে যায়, তাকে বেঁধে রেখে আমাকে খবর দেবেন।

জলাবদ্ধতা নিয়ে বলেন, চানপুরের জলাবদ্ধতা, বিসিকের জলাবদ্ধতা মানবসৃষ্ট। জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে মিটিং করেছি। তারা রাজি হয়েছে। কুমিল্লার পানি ডাকাতিয়া হয়ে মেঘনা পর্যন্ত ১০ কিলোমিটার বন্ধ হয়ে গেছে। এগুলো নিয়ে পানি উন্নয়ন বোর্ড স্টাডি করছে, ওদের সঙ্গে সিটি করপোরেশন সমন্বয় করে কাজ করবে। দক্ষিণ কুমিল্লা-উত্তর নোয়াখালী সেচ প্রকল্প আবার চালু করলে জলাবদ্ধতা কমবে।

তিনি আরও বলেন, শহরকে বিকেন্দ্রীকরণ করতে মেডিকেল কলেজের ক্যাম্পাস গোমতীর উত্তরে নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। ওদের টিম আসবে। শিগগিরই কাজ শুরু হবে। বড় শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাস শহরের বাইরে নিলে যানজট নিরসন হবে।

এর আগে তিনি আদর্শ সদর উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম, জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আহমেদ সোয়েব সোহেল, রাজিউর রহমান রাজিব, হারুন অর রশিদ, খলিলুর রহমান মজুমদারসহ সিটি করপোরেশন ও উপজেলার সকল দপ্তরের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com