ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে তার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও বিস্তৃত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত যৌথভাবে কাজ চালিয়ে যাবে। পাশাপাশি ভিসা–সংক্রান্ত জটিলতা নিরসন করে কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার বিষয়েও তিনি আশ্বাস দেন।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ভারতীয় হাইকমিশনার মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছিলেন। আলাপকালে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বন্ধ থাকা বর্ডার হাট ও বেশ কিছু স্থলবন্দর পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়েছে।
তবে বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যত নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর