রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোহাম্মদ ফখরুদ্দীন মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ন্যায়বিচার ও ৪ কোটি টাকা উদ্ধারের আবেদন জানিয়েছেন। ঢাকা ডিবি পুলিশের সাবেক এসি তারেক সেকান্দার (বর্তমানে এডিসি, রাঙ্গামাটি) সহ ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার ডাকাতি মামলা বর্তমানে ঢাকা সিএমএম কোর্টে চলমান।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ফখরুদ্দীন জানান, তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জ ও বিভিন্ন বাজার থেকে কসমেটিক আইটেম ও থান কাপড় ক্রয় করে ঢাকার ইসলামপুর ও চকবাজারে সরবরাহ করেন। গত ০৮/১১/২০২৫ তারিখে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় তাঁর ৩৮ নং ওয়ারীর বাসায় মহানগর ডিবি পুলিশ পরিচয় দিয়ে গোয়েন্দা পুলিশের এসি তারেক সেকান্দারের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল আসে। "১৩ বছরের একটি মেয়েকে অপহরণ করে রাখা হয়েছে" এই কথা বলে জোরপূর্বক বাসায় ঢুকে তল্লাশি চালায় তারা।
তল্লাশির নামে আলমারিতে রাখা চার দিনের মোট ৩,৭৫,২৩,০০০/- টাকা ৭/৮ ব্যাগ ভর্তি করে ডাকাতি করে নিয়ে যায় এবং ৬,০০,০০০/- টাকার জাল নোট ঢুকিয়ে তাঁর নিজস্ব ০২ জন কর্মচারীকে ধরে ওয়ারী থানায় মিথ্যা মামলা দেয়। একই সাথে তাঁর ব্যবসার সকল কাগজপত্র ও নথিপত্রও ডাকাতরা নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার সময় তিনি ব্যক্তিগত প্রয়োজনে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। দেশে ফিরে টাকা উদ্ধারের জন্য ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট যোগাযোগ করে ব্যর্থ হয়ে গত ০৮/০২/২০২৬ তারিখে তিনি ঢাকা সিএমএম কোর্টে ডিবির এসি তারেক সেকান্দার, ১১ পুলিশ সদস্যসহ মোট ১৩ জনের বিরুদ্ধে একটি সিআর মামলা (মামলা নং ৪৫/২৬, ধারা দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৩৪) করেন। ডাকাতদের মধ্যে একজনের জাল টাকার মামলায় রাজসাক্ষী হিসেবে আদালতে ১৬৪ ধারার জবানবন্দি রয়েছে, যাকে পরবর্তীতে তাঁর মামলায় সাক্ষী করা হয়েছে।
বিজ্ঞ আদালত মামলার সকল কাগজপত্র ও নথিপত্র পর্যালোচনা করে মামলাটি গ্রহণ করেন এবং পুলিশ সুপার পদমর্যাদার কোনো কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে প্রতিবেদন দেওয়ার জন্য ডিআইজি পিবিআইকে নির্দেশ দেন। ব্যবসায়ী মোহাম্মদ ফখরুদ্দীন বলেন, "বংশ পরম্পরায় একজন ব্যবসায়ী হয়ে ব্যবসার মূলধন হারিয়ে আমি আজ দিশেহারা। আমি ন্যায়বিচার ও টাকা উদ্ধারের জন্য আপনাদের সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাদী ব্যবসায়ী মোহাম্মদ ফখরুদ্দীন, অ্যাডভোকেট নুরুজ্জামান ইকবাল, সিএমএম কোর্ট, অ্যাডভোকেট নূরে আলম, সিএমএম কোর্ট এবং অ্যাডভোকেট ফোরকান, সিএমএম কোর্ট।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর