জাতীয় সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউস-এ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
স্থানীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না— এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন যদি নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হয়, তাহলে সেখানে কারা অংশ নেবে তা সরকারের বিবেচনার বিষয় নয়।
এ সময় তিনি আরও জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো অনিয়ম বা প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকালে এক দিনের সফরে সিলেটে পৌঁছান প্রতিমন্ত্রী। এরপর সেখানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
দিনব্যাপী নানা অনুষ্ঠানে অংশ নিয়ে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর