প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন কার্যক্রমে গতি আনতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ব্যস্ততার কারণে ঝুলে থাকা প্রবাসী ভোটারদের স্থানীয় তদন্ত দ্রুত সম্পন্ন করে আবেদন নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে এ চিঠি সকল থানা/উপজেলা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকল পর্যায়ের কর্মকর্তাগণ নিরলস পরিশ্রম করেছেন। এ পরিশ্রমের ফলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণের নিরলস পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়েছে। এজন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এতে আরও বলা হয়েছে, হাইকমিশন/দূতাবাস/কন্স্যুলেট/মিশন অফিসসমূহে চলমান রয়েছে। উক্ত অফিসসমূহে বায়োমেট্রিক প্রদানকৃত ভোটারের স্থানীয় তদন্ত কার্যক্রম সংশ্লিষ্ট সকল উপজেলা/থানা নির্বাচন অফিস কর্তৃক সম্পন্ন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে প্রবাসী ভোটারের অসংখ্য আবেদন তদন্ত পেন্ডিং রয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।
প্রবাসী বাংলাদেশী ভোটারের যে সকল আবেদনসমূহের স্থানীয় তদন্ত পেন্ডিং রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করার। জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী বলেও এতে উল্লেখ করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর