রাজবাড়ীর কালুখালীতে বিনা নোটিশে ডাচ বাংলা ব্যাংকের সাব এজেন্ট আউটলেট শাখা বন্ধ করে দেওয়ায় গ্রাহক ও ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুরে কালুখালী উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাংকের গ্রাহক রফিকুল ইসলাম। তিনি জানান, ডাচ বাংলা ব্যাংকের কালুখালী এজেন্সি শাখার অধীনে উপজেলার বিভিন্ন এলাকায় ৯টি সাব এজেন্ট শাখা খোলা হয়। কালুখালী এজেন্সি শাখার পরিচালক রাকিবুল ইসলাম এই শাখা খোলার যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেন।
ব্যাংকের সর্বশেষ সাব এজেন্ট শাখাটি রায়নগর স্লুইসগেট বাজারে খোলা হয়েছিল। অল্প সময়ের মধ্যে এর ডিপোজিটধারী গ্রাহক সংখ্যা শতাধিক হয় এবং আমানত ২ কোটি টাকার অধিক জমা পড়ে। এই শাখার পরিচালক ছিলেন রাসেদ আহমেদ। গত ১৫/২/২০২৬ তারিখে কোনো প্রকার নোটিশ বা চিঠি না দিয়ে কালুখালী এজেন্সি শাখার পরিচালক রাকিবুল ইসলাম ওই শাখাটি বন্ধ করে দেন। এতে ডিপোজিটধারী গ্রাহকদের চাপের মুখে পড়েন সাব শাখা পরিচালক রাসেদ আহমেদ। গ্রাহকদের চাপে তিনি হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হন। এতে গ্রাহকরা আরও হতাশ হয়ে পড়েন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম মিলন জানান, সাব এজেন্ট শাখা বন্ধ করায় কালুখালী এজেন্সি শাখা লাভবান হচ্ছে। ডিপোজিটধারীদের ২ কোটি টাকার লভ্যাংশ প্রতি মাসে রাকিবুল ইসলামের অ্যাকাউন্টে জমা পড়ছে। তিনি বলেন, বিনা নোটিশে সাব এজেন্ট ব্যাংক বন্ধ করা ব্যাংকিং আইনের পরিপন্থী। তাছাড়া এতে জনভোগান্তি ও হতাশার সৃষ্টি হয়েছে। তাই জনস্বার্থে এটি সচল করা জরুরি। সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম, রাসেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে কালুখালী প্রধান শাখার পরিচালক এস এ রাকিব বলেন ভিন্ন কথা। তিনি জানান, আউটলেট বন্ধ করার কোনো সুযোগ নেই। ওই আউটলেটগুলো গ্রাহকদের সঙ্গে একাধিক প্রতারণা করেছে, সে কারণে ব্যাংক কর্তৃপক্ষ আপাতত তাদের লেনদেন বন্ধ রেখেছে। গ্রাহকদের আমানত জমা থাকলে তারা দেশের যেকোনো শাখা থেকে তা উত্তোলন করতে পারবে। গ্রাহকদের টাকা আত্মসাৎ করার পর ধরা পড়ার কারণে তারা নানা বাহানা করছে বলেও জানান এস এ রাকিব।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর