স্থানীয় সরকার নির্বাচনের দলীয় হবে নাকি নিরপক্ষ, তা চূড়ান্তভাবে ঠিক করার ক্ষমতা সংসদের কাছে রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। নির্বাচন কমিশনের দায়িত্ব শুধুমাত্র নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থাপনা করা।
মঙ্গলবার (০৩ মার্চ) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে জানতে চাইলে মো. আনোয়ারুল ইসলাম বলেন, ...এখনো মূল্যায়ন করিনি। সবাই বলেছে ভালো হয়েছে। যারা নির্বাচন করছে, এটা তো গোপন কিছু হয় নাই এবারের ইলেকশনে। সিসি টিভি ছিল, ড্রোনের ছবি ছিল। বডি ওর্ন ক্যামেরা ছিল।
তিনি বলেন, প্রিজাইডিং অফিসার কী করবেন, এজন্য তার পেছনে একজন আনসার লাগায়া রেখেছি। বলেছি তার দেহরক্ষি, তার পাহারা দিয়েছে, তাকেও পাহারা দিয়েছে। রিটার্নিং অফিসার ওয়াশরুমে গেলেও আমাদের লোক লাগানো ছিল।
এই নির্বাচন কমিশনার বলেন, এতে দু’টো জিনিস হয়েছে। প্রিজাইডিং মনে করেছে আমি সিকিউরড, আর যিনি পাহারা দিয়েছে তিনি মনে করেছেন দেখি কই যায়, কী করেন? সে জন্য ইচ্ছা করলেই কেউ কিছু করতে পারে নাই এই নির্বাচনে।
অন্তবর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করতে অধ্যাদেশ জারি করেছে, নির্বাচন কোন পন্থায় হবে, জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে নাকি নির্দলীয় হবে।
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। ভেঙ্গে দেওয়ার পরবর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়। সরকার এখন যে অনুযায়ী ব্যবস্থা নিতে বলছে, নির্বাচন কমিশন সেভাবেই ব্যবস্থা নেবে। ইসির কাজ হচ্ছে ব্যবস্থাপনা করা।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে নারী আসনের নির্বাচনে আনুপাতিক হারে দলগুলো আসন পাবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর