কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আজমকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শহর প্রদক্ষিণ করে বিদায় জানালেন শিক্ষার্থীরা। দীর্ঘ প্রায় ৩০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে এই শিক্ষক আজ অবসরে গেলেন। প্রিয় শিক্ষককে বিদায় স্মরণীয় করে রাখতে রাজসিক এই আয়োজনের ব্যবস্থা করে শিক্ষার্থীরা।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক জাকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাকজমকপূর্ণ পরিবেশে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। বিদ্যালয়ের পক্ষেও সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়।
পরে ঘোড়ার গাড়িতে চড়িয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা অশ্রুসজল চোখে প্রিয় শিক্ষক মো. গোলাম আজমকে তাঁর বাড়িতে পৌঁছে দিয়ে বিদায় জানায়। বিদায় বেলায় বিদ্যালয় চত্বর আবেগঘন হয়ে ওঠে। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী অনেকেই অশ্রুসজল নয়নে তাঁকে বিদায় জানান। স্মৃতিচারণ বক্তব্য দিতে গিয়ে অনেকে কেঁদে ফেলেন।
ঐতিহ্যবাহী কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আজম তাঁর চাকরি জীবনে প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। পরে তিনি ১৯৯৬ সালে কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। একই বিদ্যালয়ে ২০০৯ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে তিনি সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন।
বিদায়ী প্রধান শিক্ষক মো. গোলাম আজম বলেন, "বিদ্যালয়টি আমার পরিবার ছিল। আমি আমার সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছি বিদ্যালয়কে। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আমার বড় প্রাপ্তি। আমি গর্ববোধ করার পাশাপাশি আবেগে আপ্লুত।"
সংবর্ধনা অনুষ্ঠানটি সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুকুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, শিক্ষক কামরুল হোসেন কাজল, আজিজুল ইসলাম, সাবেক শিক্ষার্থী আজহারুল ইসলাম প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর