স্বপ্ন ছিল সোনার হাসি হাসার। এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে এমন প্রত্যয়ের কথাই জানিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। তবে সেই স্বপ্ন শেষ পর্যন্ত অধরাই রয়ে গেল। স্বর্ণ তো দূরের কথা, ব্রোঞ্জ পদকও জেতা হলো না বাংলাদেশের।
সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর আজ ব্রোঞ্জ পদকের লড়াইয়েও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লঙ্কানদের কাছে ৬৩ রানে হেরে এশিয়ান গেমস থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে লিটনদের।
অবশ্য ব্রোঞ্জ জয়ের দারুণ সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। টস হেরে বোলিংয়ে নেমে শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে ফেলে দিয়েছিল তারা। মাহাদী হাসান ও আলিস ইসলামের ঘূর্ণিতে মাত্র ২১ রানেই ৪ উইকেট হারায় লঙ্কানরা। পরে রিশাদ হোসেন আরেকটি উইকেট তুলে নিলে ৫৪ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।
তখন মনে হচ্ছিল, অল্প রানেই প্রতিপক্ষকে আটকে দিয়ে সহজ লক্ষ্য পেতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বোলাররা।
ষষ্ঠ উইকেটে সাহান আরাচ্চিগে ও থারিন্দু রত্নানায়েকে মিলে গড়ে তোলেন ৯৩ রানের ঝোড়ো জুটি। ৪৬ বলে গড়া সেই জুটি ভাঙে থারিন্দুর বিদায়ে। আউট হওয়ার আগে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ৭টি চার ও ৫টি ছক্কায় সাজানো ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ২০৩.১২।
অধিনায়ক আরাচ্চিগে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। তাঁদের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, মাহাদী হাসান ও সাইফ হাসান। তবে আবারও রান খরচে হতাশ করেছেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারেই দেন ২৫ রান। শেষ পর্যন্ত ৩ ওভারে ৪৩ রান দিয়ে নেন ২ উইকেট। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও ২৩ রান দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই বাঁহাতি পেসার।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই সাইফ হাসান ডাক মেরে ফেরেন। এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাসও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।
এক পর্যায়ে মাত্র ৫০ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। একে একে ফিরে যান অন্য ব্যাটাররাও।
শেষ দিকে পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি রাব্বি ও নাসুম আহমেদের ছোট ছোট ইনিংসে কোনো রকমে একশর ঘর পার করে বাংলাদেশ। নবম ব্যাটার হিসেবে নেমে দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাসুম। ইমন করেন ২২ এবং রাব্বি করেন ২১ রান।
শ্রীলঙ্কার হয়ে নুয়ান তুষারা, থারিন্দু রত্নানায়েকে, বিজয়কান্ত বিশ্বকান্ত ও ওয়ানুজা সাহান ২টি করে উইকেট নেন।
শেষ পর্যন্ত ৬৩ রানের হারে এশিয়ান গেমসের ক্রিকেটে পদকশূন্যই থাকতে হলো বাংলাদেশকে। সোনার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা দলটি শেষ পর্যন্ত ব্রোঞ্জের লড়াইটিও জিততে পারল না।
কুশল/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর